শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সড়কের জলাশয়সংলগ্ন অংশে গাইডওয়াল নির্মাণ করে অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০২২ সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কের বিভিন্ন স্থানে এখন গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের একপাশজুড়ে রয়েছে জলাশয়। অপর পাশেও স্থানে স্থানে জলাশয় রয়েছে। পূর্ব পাশের গভীর জলাশয়ের পাড়সংলগ্ন অংশে সড়কের মাটি সরে গিয়ে পাকা অংশ ধসে পড়ছে।
এই সড়ক দিয়ে টানমুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাবাসী যাতায়াত করে থাকে। কিন্তু সড়কটি ধসে পড়ায় রিকশা, ভ্যান, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনাও।
সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়কের অধিকাংশ অংশ ধসে গেছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের জলাশয়সংলগ্ন অংশে গাইডওয়াল নির্মাণ না করা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির এ অবস্থার সৃষ্টি হয়েছে। তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক নির্মাণে যথাযথ গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেন তারা।
সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তেলিপাড়া, বৈরাগবাড়ি, ছৈয়ালবাড়ি ও টানমুশরী এলাকার মানুষকে দীর্ঘ পথ ঘুরে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। সড়কটি এখন অনেকটা সরু আইলের মতো হয়ে পড়েছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে।
তেলিপাড়া গ্রামের হাজী আব্দুর রফিক বলেন, “ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগে আছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।”
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, “রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের জন্য তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শিগগিরই এ সড়কের কাজ শুরু হবে বলে আশা করছি।”
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আখতার হোসেন বলেন, “মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর যাতায়াতের স্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”