মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি এবং একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন দুজনই রূপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।