বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কসহ তারাবো, বিশ্বরোড, বরাবো ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের ময়লা-আবর্জনার স্তূপ অপসারণের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়ি ও মিল-কারখানার বর্জ্য এবং ময়লা-আবর্জনা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশ্বরোড এলাকায় ফেলা হচ্ছে।
তারা বলেন, প্রায় তিন বছর ধরে এখানে অবাধে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি পরিবেশ দূষণের কারণে স্থানীয় তিন শতাধিক পরিবারের বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
বক্তারা দ্রুত ময়লার স্তূপ অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকা প্রদক্ষিণ করেন।