সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের একটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোজাম্মেল প্রধান (৪৫) ও সাব্বির আহমেদ (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন, উপজেলার তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান এবং একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় সকাল সাড়ে ৬টার দিকে মিলটির একটি বয়লারের ভাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।