শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
আহমেদ আকবর, সিলেট প্রতিনিধি:
সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ সম্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে রুমন মিয়া (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত রুমন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ‘বড় ভাই’ ও ‘ছোট ভাই’ সম্বোধন নিয়ে রুমনের সঙ্গে তানজিদ (২০) নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। তানজিদ স্থানীয় আজাদ মিয়ার ছেলে।
অভিযোগ রয়েছে, বাকবিতণ্ডার একপর্যায়ে আজাদ মিয়ার নেতৃত্বে তার ছেলে তানজিদ ও সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুমনের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তানজিদের সঙ্গে হামলায় হৃদয়, নিহাত, জয়ন্ত, ডিজে সাগর, তুফা ও সাগরসহ আরও কয়েকজন অংশ নেয়। রুমনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।