সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পাঠাও কর্মীকে পথরোধ করে মারধর, জোরপূর্বক আটকে রেখে নগদ ৪০ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ২১ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাকিল হোসেন (২৫) গত ২৪ আগস্ট রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হারিন্দা এলাকা থেকে বাড়ি ফেরার পথে কাঞ্চন ব্রিজের নিচের একটি নির্জন সড়কে শাকিল হোসেনের পথরোধ করেন ব্রাহ্মণখালী এলাকার আফজাল (৩০), ইকবাল (২৫) ও অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি। পরে তাকে জোরপূর্বক পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
শাকিলের অভিযোগ, সেখানে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি বিদেশি হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে তার বড় ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ৪০ হাজার টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীর ধারণা, বিকাশের দোকান থেকেই তাকে অনুসরণ করা হয়ে থাকতে পারে।
শাকিল আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়টি কাউকে জানালে কিংবা আইনগত ব্যবস্থা নিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”