শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, “গুলির খোসাসহ পাইপগান উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে চার কেজি ৭০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”