বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন।
সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ধরণী চাকমা, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, নাসির উদ্দিন ও আব্দুর রাজ্জাক শিকদার, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, অ্যাডভোকেট গোরজার হোসেন এবং মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়াসহ অনেকে।
কর্মশালাটি সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম।
সভায় বক্তারা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বক্তারা আরও বলেন, কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক নেটওয়ার্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ। এটি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা বা ‘জীবনরেখা’ হিসেবে কাজ করে। সড়কের সেবার মান বজায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে।
এর মাধ্যমে টেকসই উন্নয়নকে উৎসাহিত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি, চলাচলের সক্ষমতা উন্নয়ন, পরিবহন ব্যয় হ্রাস এবং গ্রামীণ এলাকাকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার সুযোগ তৈরি হবে বলে জানান বক্তারা।