বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :

স্কুল চলাকালে শিক্ষকদের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল চলাকালে ব্যক্তিগত কাজে বাইরে যেতে পারবেন না। এমনকি মাসিক বেতন উত্তোলনের জন্যও বিদ্যালয় ত্যাগ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পরিবর্তে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে এটিএম, ডেবিট কার্ড অথবা অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যালয়ের ছুটির পর বেতন উত্তোলন করতে বলা হয়েছে।

 

আজ বুধবার (২২ জুলাই) দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারকে এ চিঠি পাঠানো হয়েছে।

 

এ প্রসঙ্গে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘আমি দু-একটি স্কুল পরিদর্শনে গিয়ে দেখলাম, একসঙ্গে পাঁচজন শিক্ষকও বেতন তুলতে গেছেন। এতে বিদ্যালয়ের পাঠদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক শিক্ষক আছেন, যারা বেতন তোলার অজুহাতে বাইরে গিয়ে আড্ডা দেন। মূলত শিক্ষকরা যেনো সতর্ক থাকেন, সেজন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

চিঠিতে বলা হয়, যেসব শিক্ষকের এখনো এটিএম বা ডেবিট কার্ড নেই, তাদের অতিসত্বর সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে কার্ড সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান শিক্ষকেরা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম যেনো কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় তদারকি ও ব্যবস্থা নেবেন।

 

সম্প্রতি লক্ষ্য করা যায়, কিছু শিক্ষক বিদ্যালয়ের কার্যদিবস ও পাঠদান চলাকালে মাসিক বেতন উত্তোলন ও ব্যক্তিগত কাজে বিদ্যালয় ত্যাগ করেন। কোনো কোনো ক্ষেত্রে একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক একযোগে বেতন উত্তোলনের জন্য বাইরে যান। এ ধরনের কার্যক্রমের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শ্রেণিকক্ষে পাঠদান বিঘ্নিত হচ্ছে, যা কোমলমতি শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন শিক্ষা গ্রহণের অধিকার ক্ষুণ্ন করছে।

 

শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন পাঠদান নিশ্চিত করতেই এ আদেশ জারি করা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সূত্র: দৈনিক শিক্ষা ডট কম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit