বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী যুবতীর অভিযোগের ভিত্তিতে শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শাহাদৎ হোসেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী যুবতীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী শারীরিকভাবে সুস্থ হয়ে বিষয়টি তার মাকে জানান। পরে ঘটনার বিচার চেয়ে ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করে।
মামলা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা নম্বর ২৮, তারিখ ১৭ আগস্ট ২০২৬।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।