সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আতাউর রহমান আতা (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৬ আগস্ট রবিবার তাকে গ্রেফতার করা হয়। শিশুটির বাবা মারা যাওয়ার পর তার মা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট কাঞ্চন পৌরসভার আশরাফ জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে তার মা পোশাক কারখানায় কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়ির একটি নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আতাউর রহমান প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আপস-মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিশুটির পরিবারের সদস্যরা।
পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকা থেকে মামলার অভিযুক্ত আতাউর রহমান আতা (৬২)-কে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।