সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষার্থী ওমর ফারুক তারাব পৌরসভার মাসাব এলাকার সবুজ মিয়ার ছেলে। সে মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।
মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মোহাম্মদ রাশেদ মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবারও শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে। বিকেলে শিক্ষার্থীরা খেলাধুলার জন্য বাইরে যাওয়ার আবেদন করে। পরে অন্যান্য শিক্ষকদের নিয়ে তাদের ৫ নম্বর ক্যানেল এলাকার ভুঁইয়ার পুকুরের পাশের বালুর মাঠে খেলাধুলার জন্য নিয়ে যাওয়া হয়।
খেলা চলাকালে একপর্যায়ে ওমর ফারুক পুকুরে গোসল করতে নামে। পরে তাকে দেখতে না পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করা হয়। তাকে না পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ওমর ফারুককে উদ্ধার করে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল খায়ের বলেন, গোলাকান্দাইলের ৫ নম্বর ক্যানেল এলাকায় এক শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।