বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, পানি বাড়ছে উত্তরাঞ্চলে

অনলাইন ডেস্ক:

দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যার সতর্কতা জারি করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

একই সঙ্গে উত্তরাঞ্চলের অন্তত ১০ জেলার নদনদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এর ফলে আগামী দুই দিনের মধ্যে এসব জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত সুরমা ও কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া নওগাঁ জেলার আত্রাই নদীর পানিও বিপদসীমার ওপরে রয়েছে।

এদিকে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদনদীর পানি দ্রুত বাড়ছে। এসব এলাকার নদীগুলোতে পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

পাশাপাশি সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার কয়েকটি এলাকায়ও নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে নেত্রকোনার কলমাকান্দা এলাকায় সোমেশ্বরী নদীর পানি এখনো বিপদসীমার ওপরে থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ওই এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit