বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার তারাব পৌরসভার তারাব-বিশ্বরোড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান মুয়াজ (১৯) খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মুয়াজের প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষায় অংশ নিতে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে নরসিংদী সরকারি কলেজের উদ্দেশে রওনা হন। পথে রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুয়াজ মোটরসাইকেলে করে একটি ট্রাককে পেছন থেকে ওভারটেক করার সময় ট্রাকটির ডান পাশের পেছনের চাকার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে গিয়ে ট্রাকের নিচে চলে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে নিহতের বাবা মাসুম আহমেদ ছেলের মরদেহ বাড়িতে নিয়ে যান। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের তারাব-বিশ্বরোডে অবস্থিত পুলিশ বুথে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। ফলে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।