বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াছিন (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১।
বুধবার (৫ আগস্ট) রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার সিপিএসসি বিসিজিএম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াছিনকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার কামাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে দাবি করেছে র্যাব।
র্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, আটক ইয়াছিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।