শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রাক চালানোর সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বৃদ্ধকে চাপা দিয়ে হত্যা করেছে একটি ট্রাক। এ ঘটনায় মনির হোসেন (৬৫) নামে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন রূপসী ঘাট এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। ট্রাকচালক ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির একটি ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকার একটি গুদামের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এ সময় চালক ইয়াকুব হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে এক হাতে ট্রাক চালিয়ে রূপসী ঘাট দিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ঠিক ওই সময় মনির হোসেন রাস্তা পারাপারের সময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে স্থানীয়রা ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ জানান, ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।