শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয়, অবকাঠামোগত উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য সর্বস্তরের দানশীল ও বিত্তবান ব্যক্তি এবং প্রবাসী ভাই-বোনদের কাছে আর্থিক সহযোগিতার বিনীত আহ্বান জানানো হয়েছে।
২০২৫ সাল থেকে কবরস্থানটি স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের শেষ ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বৃষ্টিপাত ও পরিবেশগত বিভিন্ন কারণে সম্প্রতি কবরস্থানের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কবরস্থানের পরিধি বাড়াতে আরও জমি ক্রয়, নিচু জমি ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ ও সংস্কার, পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং আলোকসজ্জার প্রয়োজন দেখা দিয়েছে।
কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সালাম (মাস্টার) ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (সমাজসেবক, গিরার পাড়) জানান, “একটি কবরস্থান শুধু একটি নির্দিষ্ট জায়গা নয়; এটি আমাদের শেষ ঠিকানা এবং ধর্মীয় আবেগের স্থান। এর সঠিক রক্ষণাবেক্ষণ আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। বর্তমানে আমাদের কবরস্থানের ৩৩ শতক জমির ওয়াকফ রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। তবে আরও জমি ক্রয় করা প্রয়োজন। আমরা সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু সার্বিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন।”
কবরস্থানের এই সদকায়ে জারিয়ামূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তিরা সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের ০১৭৯৬৮০৭১২০ নম্বরে সরাসরি অনুদান পাঠাতে পারবেন।
কবরস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য আর্থিক সহযোগিতাও এই পবিত্র স্থানটির মর্যাদা রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনকল্যাণমূলক ও পুণ্যময় এই কাজে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় তরুণ সমাজকে প্রচার ও সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।