সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
চা শিল্পের বিকাশে সহায়তা দেওয়া হবে : তারেক রহমান রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা সকালে উচ্ছেদ, রাতে দখলের মহোৎসব: ১৭ বছরে ১২৩ অভিযানেও মুক্ত হয়নি ভুলতা-গাউছিয়া আজ থেকে চালু হচ্ছে খুবির প্রশাসনিক কার্যক্রম এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল হামলার ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রূপগঞ্জে বিষধর সাপের উপদ্রবে আতঙ্কে মানুষ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক:

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পার হলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাই বিবেচনায় রয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার চেষ্টা চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষা বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ২৭ জুলাই একটি সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় রেখেই ৩০ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম হয়েছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কম ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit