শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতার হুঁশিয়ারি গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন নাগেশ্বরীতে ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন রূপগঞ্জের অর্থনীতিতে বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’ সিলেটে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক অসুস্থ সাজুর পাশে দাঁড়াল ‘আল খিদমাহ ফাউন্ডেশন’, আর্থিক সহযোগিতা প্রদান ভূরুঙ্গামারীতে বাক্‌প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক পলাতক প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকে ডাকাতি: রূপসীর ইমরানের বোনের বাসা থেকে অস্ত্র উদ্ধার

নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’-এর উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নাগেশ্বরীর কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘সবুজ উৎসব-২০২৬’-এর উদ্বোধন করা হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনী।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং গাছের যথাযথ পরিচর্যার গুরুত্ব নিয়ে আলোচনা করেন সংগঠনের কর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা তুলে ধরে গাছ কাটার পরিবর্তে বেশি বেশি গাছের চারা রোপণের আহ্বান জানানো হয়।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মণ, মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. তারিকুল ইসলাম, কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মন্ডল এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল কাদের।

এ ছাড়া উপস্থিত ছিলেন ‘অরণ্য’ সংগঠনের উপদেষ্টা নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস ছোবহান জুয়েল, সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মন্ডল বলেন, “একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করা প্রয়োজন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করে। একই সঙ্গে তারা বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করে। শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজনের মাধ্যমে গাছ ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ছে। পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রতি তাদের আগ্রহ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু জোবায়েদ সাগর এবং সভাপতিত্ব করেন কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ আল আমিন।

আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই ‘সবুজ উৎসব’-এর মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন ভবিষ্যতে পরিবেশবান্ধব সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit