মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল শেখ ও শুক্কুর আলীর পরিবারের মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হলেও তা সমাধান হয়নি।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলী ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করে রোপা আমন ধান চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা সেখানে গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় শহিদুল ইসলামকে মাছ ধরার কোঁচ দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ১৭ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়ার পর মামলায় আসামির চূড়ান্ত সংখ্যা জানা যাবে। এ ঘটনায় আরও ২-৩ জন পলাতক রয়েছে; তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।