সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সময়ের খবর ডেস্ক:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়’২৪ হলে গত ২২ জুলাই রাতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসহ সব ভবনে তালা দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের তিনটি দাবির আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। পরে রোববার থেকে ফের প্রশাসনিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
আজ শনিবার সব ডিসিপ্লিনের প্রধানরা স্ব স্ব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এই মতবিনিময় সভায় যৌন অপরাধীদের বিচারের বিষয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের তিনটি দাবির প্রতি শিক্ষকদের একাত্মতার বিষয়টি আলোচনা করা হয়। সভায় উপস্থিত উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত সবার প্রতিনিধি হিসেবে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম এবং ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নবীউল ইসলাম খান ২২ ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিদের সার্বিক বিষয়াবলি ও সংহতি প্রকাশের বিষয়ে অবহিত করেন। যার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসহ সব ভবনের তালা খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ স্বাভাবিক করতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানানো হয় এবং ইতোপূর্বে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নেয়া ব্যবস্থা প্রতিশ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সূত্র: দৈনিক শিক্ষা ডট কম