শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ১৫ শতাংশ জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বর্তমানে কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ওই জমি দখলের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখলে রয়েছে। পাঁচ গ্রামের সর্বস্তরের মানুষ দ্রুত ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন।
এ সময় বক্তব্য দেন মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাদ্রাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী দখল করে রেখেছেন বলে তাদের অভিযোগ। এতদিন মামলা-হামলার ভয়ে এলাকাবাসী এ বিষয়ে মুখ খুলতে পারেননি। বর্তমানে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তারা দ্রুত তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে মাদ্রাসার জমি উদ্ধার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম মাস্টার ও আলাল খন্দকার। মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।