শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সময়ের খবর ডেস্ক:
ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া আশ্বাসকে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ বলে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, ‘২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁস মামলার মূল হোতাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের পর আদালত নির্দোষ ঘোষণা করেছে।’
তিনি প্রশ্ন তোলেন, ‘যদি তদন্ত এমনই হয়, যদি আদালতে উপস্থাপনের মতো কোনো প্রমাণই না থাকে, তাহলে দ্রুত বিচার আদালতের নাটক কেন?’
কেজরিওয়াল আরও অভিযোগ করেন, সমস্যার মূল কারণ সরকারের সদিচ্ছার অভাব।
তাঁর দাবি, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যের মধ্যেই ত্রুটি রয়েছে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এটি ছিল মোদির দ্বিতীয় বক্তব্য। এর আগে তিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছিলেন।
গভীর রাতের ভিডিও বার্তায় মোদি বলেন, ‘আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত আড়াই মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।’
তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সে কারণে দ্রুত পরীক্ষা আয়োজন করা হয়েছে এবং প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি