
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মো. মোতাহার মোল্লা (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১-এর সিপিসি-৩। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর সিপিসি-৩-এর একটি দল রূপগঞ্জ থানার তারাব উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। র্যাবের কাছে তথ্য ছিল, ওই এলাকার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে।
এর ভিত্তিতে সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিমের নেতৃত্বে সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৪ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মোতাহার মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার মোতাহার মোল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, ৮৪ কেজি গাঁজাসহ মোতাহার মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।