
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী এবং ঐতিহ্যবাহী সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সোশ্যাল রিফর্মার আব্দুল মতিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর নবী ভূঁইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং রূপগঞ্জের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী জনকল্যাণমুখী রাজনীতির একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর আদর্শ ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।