
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:
অবিলম্বে নিয়োগ বিধিমালা সংশোধন ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর নিকট ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ শিক্ষার্থীদের স্মারকলিপি
প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দ্রুত সংশোধন করে গেজেট প্রকাশ এবং "ডিপ্লোমা ইন লাইভস্টক" সনদধারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জোর দাবি জানিয়েছেন ডিপ্লোমা ইন লাইভস্টকের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন প্রদান করা হয়।
শিক্ষার্থীদের পক্ষে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ করেন নাগেশ্বরীর বাসিন্দা মোঃ সাকিবুল আলম সাকিব,স্মারকলিপিতে বলা হয়, ২০১৬ সাল থেকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স অ্যান্ড টেকনোলজি’ (আই.এল.এস.টি)-তে ৪ বছর মেয়াদি "ডিপ্লোমা ইন লাইভস্টক" কোর্স চালু রয়েছে। কোর্স সম্পন্নকারীদের পদ সৃষ্টির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা ও অযথা সময়ক্ষেপণের কারণে এখনো তাদের সঠিক কর্মসংস্থান নিশ্চিত করা হয়নি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিগত ৩০ মে ২০২৩ তারিখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালায় ডিপ্লোমাধারীদের দাবি করা পদগুলোতে (যেমন: ইউএলএ, ভিএফএ, কম্পাউন্ডার, এফএ/এআই, পোল্ট্রি টেকনিশিয়ান) পূর্বের যোগ্যতা 'এইচএসসি (সায়েন্স)' বহাল রেখে গেজেট প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে মৌখিকভাবে তা সংশোধনের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের প্রাথমিক ১০০ দিনের কর্মসূচির সময় মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্তে নিয়োগ বিধিমালা সংশোধন ও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অঙ্গীকার করা হয়েছিল। সে অনুযায়ী সংশোধনী কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো তা বাস্তবায়নে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া, মন্ত্রালয় থেকে নির্দিষ্ট কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন বা ছাড়পত্র দেওয়া থাকা সত্ত্বেও প্রাণিসম্পদ অধিদপ্তর বিগত ৮ মাসেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি মোঃ সাকিবুল আলম সাকিব বলেন, "সংশোধনের নামে অযথা সময়ক্ষেপণ করে ডিপ্লোমা সনদধারীদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে। আমরা চাই অবিলম্বে এই নিয়োগ বিধিমালা সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করা হোক এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র অনুযায়ী অনতিবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হোক।"
এমতাবস্থায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা সংশোধন ত্বরান্বিতকরণসহ দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সরাসরি হস্তক্ষেপর জন্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সুদৃষ্টি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেছেন শিক্ষার্থীবৃন্দ।
তার এ উদ্যোগ ও সৃজনশীলতার জন্য নাগেশ্বরীর সচেতন মহলে প্রশংসায় ভাসছেন তিনি।