
দক্ষিণ সুরমা সিলেট :
সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশি বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম হৃদয় হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান একদল পুলিশ ফোর্স নিয়ে ভার্থখলা এলাকার যমুনা মার্কেটের পাশের গলিতে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঈশা ফ্যামিলি বাজারের সামনে পাকা রাস্তার ওপর থেকে হৃদয়কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং ১৯০ গ্রাম ওজনের ১০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন শাহপরান (রহ:) থানার মেজরটিলা সৈয়দপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার কাদির মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) ও ১৯(ক) মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৪)। গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।