সময়ের খবর ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এরই ভিত্তিতে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। প্রসিকিউশন তাকে নতুন মানবাধিকাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করবে।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফরকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ জুলাই তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ২১ জুলাই তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
অন্যদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও একই দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মোজাফফরের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ থাকায় আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।